কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। এফআইআর দায়েরে বিলম্বের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূদের নেতৃত্বাধীন বেঞ্চ। মঙ্গলবার (২০ আগস্ট) চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার শুনানিতে এ অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
চন্দ্রচূদ বলেন, ‘চিকিৎসা পেশাগুলো সহিংসতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পিতৃতান্ত্রিক পক্ষপাতিত্বের কারণে নারী চিকিৎসকরা আরও বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যত বেশি সংখ্যক নারী কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন, দেশ আবার একটি ধর্ষণের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে।’
চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। আর জি কর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুনানির সময় প্রধান বিচারপতি হাসপাতালের প্রশাসন ও স্থানীয় পুলিশের পদক্ষেপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। জিজ্ঞেস করেন, ‘দেহ দাহ করার তিন ঘণ্টা পর কেন এফআইআর নথিভুক্ত করা হল?’
আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে কিনা, তাও জানতে চান তিনি।
আগামী ২৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। দেশজুড়ে আন্দোলনরত চিকিৎসকরা যাতে কাজে ফেরেন, সেই অনুরোধও করেন প্রধান বিচারপতি।








