জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার জাতীয় নির্বাচনে জয় লাভের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এগিয়ে থাকায় তিনি এই ঘোষণা দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও তাদের জোট মিত্র কোমেইতো পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টির মধ্যে ২৯৩টি আসনে জয় পেয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী বলেন, এটি ছিল খুব কঠিন নির্বাচন। কিন্তু জনগণের ইচ্ছা হলো, এলডিপি-কোমেইতো সরকার ও কিশিদা প্রশাসন যে স্থিতিশীলতা দেখিয়েছে তা দিয়ে দেশের ভবিষ্যৎ যেনও আমরা নির্মাণ করি।
তিনি আরও বলেন, এলডিপি ২৬১ আসন পেয়েছে। একটি দায়িত্বশীল দল হিসেবে আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব।
এর আগের নির্বাচনে ক্ষমতাসীন জোটের ছিল ৩০৫ আসন। এর মধ্যে এলডিপি জিতেছিল ২৭৬টি।
মাত্র এক বছর দায়িত্ব পালনের পর কোভিড-১৯ সংকটে জনগণের মধ্যে জনপ্রিয়তা কমে আসলে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তিনি পদত্যাগ করার পর এক মাস আগে দায়িত্ব নেন কিশিদা।
মধ্যপন্থী কিশিদা প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের জন্য ব্যয় বরাদ্দ বাড়ানোর। তিনি জানিয়েছেন, নভেম্বরেই এই পরিকল্পনার খসড়া তৈরি হবে।
গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার একদিন আগে তিনি বলেছেন, এশিয়া শূন্য নির্গমনে নেতৃত্বদায়ী ভূমিকা নেবে জাপান।








