বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে অস্বীকৃতি জানিয়েছেন। আরবি ভাষার সংবাদমাধ্যম এলাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
বাহরাইনের রাজধানী মানামায় এই বৈঠকের প্রস্তাব করা হয়েছিল। নেতানিয়াহুর অনুরোধের প্রেক্ষিতে আল-খলিফা বলেন, সময় এখনও হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, সম্প্রতি তিন নিরাপত্তা কর্মকর্তাসহ এক বিশেষ দূতকে বাহরাইনে পাঠান নেতানিয়াহু। তারা বাহরাইনের কর্মকর্তাদের একটি নিরাপত্তা হুমকি সম্পর্কে অবহিত করেন। এই সময় ইসরায়েলি প্রতিনিধি দল মানামায় উভয় দেশের নেতাদের বৈঠকের প্রস্তাব করেন। তারা প্রস্তাব দেন, আগস্টে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাদশাহ আল-খলিফার উচিত হবে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো।
এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সহকারী মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিভিন্ন আলোচনার সময় এই খবর প্রকাশিত হলো।








