বুর্জ খলিফার পাশ্ববর্তী দুবাইয়ের বহুতল অ্যাড্রেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। আল জাজিরা, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে আহতের এ সংখ্যা জানানো হয়েছে। তবে দুবাইয়ের কর্তৃপক্ষ বলছে আহতের সংখ্যা ১৪। এদের মধ্যে একজন দৌড়ে পালানোর সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
এর আগে প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে বুর্জ খলিফায় বর্ষবরণের আতশবাজিতেও কোনও হেরফের হবে না।
কোনও কোনও গণমাধ্যমে একজনের মৃত্যুর কথা বলা হচ্ছে। তবে নির্ভরযোগ্য কোনও সূত্র থেকে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময় রাত ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটিতে আগুন জ্বলতে দেখা গেছে। পুলিশ প্রধান খামিস মাতার আল মেইমা বলেন, ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
আল জাজিরার প্রতিনিধি ডায়ানা আল রিফাই জানান, ভবনটির বাম পাশ পুরোপুরি শেষ হয়ে গেছে। আতঙ্কে ছত্রভঙ্গ হওয়া লোকজনের মধ্যে ছোটখাট পদদলনের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, ভবনটি থেকে ধ্বংসাবশেষের বড় বড় টুকরো পড়তে দেখা গেছে। শহরজুড়ে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ওই এলাকার আকাশে হেলিকপ্টারের উড্ডয়ন দেখা গেছে।
ডায়ানা আল রিফাই- এর ভাষায়, হোটেলের ওপরের অংশের আগুন নেভানো হয়েছে। তবে নিচের অংশগুলো এখনও জ্বলছে। এমন ঘটনা আমার জীবনে এর আগে দেখিনি।
বিশ্বের বৃহত্তম ভবন দুবাইয়ের বুর্জ খলিফার বর্ষবরণের আতশবাজিতে অংশ নিতে প্রতিবছর এখানে হাজির হন বিপুল সংখ্যক মানুষ। বৃহস্পতিবার রাতে সেখানে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উপভোগের জন্য সবাই যখন অপেক্ষায় ছিলেন তার ঘণ্টাখানেক আগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুবাইয়ে বর্ষবরণের বর্ণিল আয়োজনে ২০ লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করেছিল কর্তৃপক্ষ। তবে নতুন বছর শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে শত শত মানুষ দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। তাৎক্ষণিকভাবে লোকজনকে সরিয়ে নেওয়া হলেও এতে বর্ষবরণের মূল আয়োজনে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে পুলিশ।
অগ্নিকাণ্ডের ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাস্থল অ্যাড্রেস হোটেল থেকে লোকজনকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ৬৩ তলাবিশিষ্ট ভবনটিতে ১৯৬টি হোটেল রুম ও ৬২৬টি ফ্ল্যাট রয়েছে। এক হাজার ফুট উঁচু ভবনটিতে আগুন ছড়ানোর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী।
একজন পর্যটক বিবিসিকে জানান, সমস্যা হচ্ছে বুর্জ খলিফার ভেতরে থাকা লাখ লাখ মানুষ কোথাও যেতে পারছিল না। কারণ আমরা বর্ষবরণের আতশবাজির অপেক্ষায় ছিলাম।
দুবাইয়ের একজন পর্যটক মাইকেল ডিউক বলেন, আকস্মিকভাবে আমরা বুর্জ খলিফা ও হোটেলটির মাঝামাঝি স্থানে কালো ধোঁয়া দেখতে পাই।
অ্যাড্রেস হোটেল নামের এই ভবনটি বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার পাশেই অবস্থিত। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে আরবিতে দুবাই কর্তৃপক্ষের এক টুইটে বলা হয়েছে, ভবনের ২০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অভ্যন্তরীণ অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি টিম।
সূত্র: আল জাজিরা, বিবিসি, মিডলইস্ট আই।
/এমপি/








