ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে সিরিয়া। ইসরায়েল থেকে রাজধানী দামেস্কের উপকণ্ঠে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ হামলা প্রতিহত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে-র খবরে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে শনিবার সকাল ১১টার দিকে দামেস্কের কয়েকটি পয়েন্টকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এই হামলা চালানো হয়।
সানা বলছে, ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার দুই সেনা আহত এবং কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
কয়েক দিন আগেই সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দক্ষিণাঞ্চলীয় আল-বাত শহরের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। গত সোমবারের ওই হামলায় হিজবুল্লাহর ব্যবহার করা দুইটি পর্যবেক্ষণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।









