সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত দেইর ইজ-জোর প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে ৪ সিরীয় সেনা প্রাণ হারিয়েছেন। সোমবার সামরিক প্রকৌশলীরা যখন বিদ্রোহীদের রেখে যাওয়া ল্যান্ডমাইন বহন করছিলেন তখনই বিস্ফোরণ ঘটে।
এক সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, বিদ্রোহী প্রদেশটির আল কুসুর এলাকায় এই ঘটনাটি ঘটে। অসমর্থিত আরেক সূত্র জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিটের আরও তিন সদস্য আহত হয়েছেন।
গত মাসে এই প্রদেশের মাসরাব বাদিয়ায় স্থানীয় সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে সিরিয়ার ১৩ সদস্য নিহত হন। বিদ্রোহীরা সেনাবাহিনীর গাড়িতে মেশিনগান নিয়ে অতর্কিত হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
সিরিয়ার অনেক জায়গায় এখনও বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। প্রায় সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।








