ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের কোনও লড়াই নেই। তেহরান কোনও দ্বন্দ্ব-সংঘাত চায় না। বরং দুই প্রতিবেশী দেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
জাওয়াদ জারিফ বলেন, আমরা বিশ্বাস করি ইরান ও সৌদি আরব এ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ দেশ হতে পারে যারা পরস্পরকে গ্রহণ এমনকি পরস্পরের সম্পূরক হতে পারে। সৌদি আরব এ অঞ্চল থেকে ছিটকে পড়ুক -এমন কোনও আগ্রহ আমাদের নেই। কারণ সৌদি আরব হচ্ছে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি দেশ। কিন্তু দুঃখজনকভাবে পশ্চিমা সমর্থিত রিয়াদের মধ্যে এক ধরনের মোহ দেখা যাচ্ছে। তারা আতঙ্ক ছড়িয়ে আঞ্চলিক সমীকরণ থেকে ইরানকে বাদ দিতে চায়।
পরমাণু চুক্তির পর ইরান ও পশ্চিমা কয়েকটি দেশের মধ্যকার অচলাবস্থা নিরসনে সৌদি আরব চিন্তিত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সৌদি আরবের শিয়া নেতা শেখ নিমরের শিরশ্ছেদের পর সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।
/এমপি/








