মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে শুরু হয়েছে রমজান উৎসব। ২২ মার্চ থেকে শুরু হওয়া আয়োজন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আমিরাতের বিভিন্ন শহর ও অঞ্চলে চলা এ আয়োজনের উদ্যোক্তা-শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গালফ নিউজের খবরে বলা হয়, এই ৩৫ দিনে দর্শনার্থীরা বিনোদনমূলক ইভেন্ট, নানা অফার এবং পুরস্কার জেতার পাশাপাশি শপিংমলে দারুন ছাড় উপভোগ করার সুযোগ পাচ্ছেন। শারজাহ রমজান ফেস্টিভ্যাল চলাকালীন আমিরাতের মার্কেটগুলোতে ২৫-৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এবারের উৎসবের স্লোগান- ‘রমজান: টুগেদার উই মেক ইট মোর মেমোরেবল’।
শারজাহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) মহাপরিচালক মোহাম্মদ আহমেদ আমিন আল আওয়াদি বলেন, ‘উৎসব শুধু স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী বা বাজারে বাণিজ্যিক আন্দোলন সক্রিয় করতেই অবদান রাখবে না। বরং বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়তা করবে।’
এসসিসিআই -এর অর্থনৈতিক সম্পর্ক ও বিপণন পরিচালক এবং ফেস্টিভ্যালের সাধারণ সমন্বয়কারী ইব্রাহিম রশিদ আল জারওয়ান বলেন, ‘চেম্বার সব ক্রেতাদের জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।’
চেম্বারের মিডিয়া বিভাগের পরিচালক জামাল সাইদ বুজাঙ্গল বলেন, ‘অংশগ্রহণকারীদের জন্য শপিং মল এবং দোকানে চমক রয়েছে।’ সূত্র: গালফ নিউজ









