লেবানন ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটেছে। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলার সতর্ক সংকেতের সময় এসব বিস্ফোরণ ঘটে। লেবাননের একাধিক সম্প্রচারমাধ্যমের প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হেলিকপ্টার সীমান্ত অঞ্চলটিতে উড়ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ফাঁকা বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েল। সীমান্তের ওই অংশে জনবসতি নেই।
লেবাননে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলো নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, লেবানন থেকে ইসরায়েলে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টার সময় হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি বিমান ও কামান হামলার পর লেবাননের সেনাবাহিনী দেশটির নাগরিকদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ লেবানন থেকে ইসরায়েলে অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, আল-কুদস ব্রিগেড লেবাননের দক্ষিণ সীমান্তে অভিযানের দায় স্বীকার করছে।
রয়টার্স ও লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে।
শনিবার থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। ওই দিন সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরায়েলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, জারি করা হয়েছে সর্বাত্মক অবরোধ। এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরায়েলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।









