ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালে অস্ত্র ও সন্ত্রাসী অবকাঠামোর সন্ধান পেয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলের এক সিনিয়র সামরিক কর্মকর্তা এই দাবি করেছেন। তিনি বলেছেন, হাসপাতালের ভেতর একটি নির্দিষ্ট স্থানে অভিযানে এগুলো পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার দিবাগত রাতে সেনারা হাসপাতাল ভবনের ভেতর প্রবেশ করার পর কোনও লড়াই হয়নি। চিকিৎসাকর্মী বা রোগীদের সঙ্গে কোনও বিরোধ ছিল না। রোগীরা বিভাগটির অন্য প্রান্তে ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি সেনারা ইতোমধ্যে অস্ত্র ও অপর সন্ত্রাসী স্থাপনা পেয়েছে। গত এক ঘণ্টায় আমরা অকাট্য প্রমাণ পেয়েছি যে, হামাস শিফা হাসপাতালকে সন্ত্রাসী কাজের সদর দফতর হিসেবে ব্যবহার করছে।
হাসপাতালের নির্দিষ্ট কোন অংশে এগুলো পাওয়া গেছে তা উল্লেখ করেননি তিনি। এছাড়া কী পাওয়া গেছে তাও বলেননি। তবে জানিয়েছেন, পরে প্রমাণগুলো হাজির করা হবে।
অভিযান কত সময় চলবে তা উল্লেখ না এই কর্মকর্তা আরও বলেছেন, এটি একটি সুনিপুণ ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান। বিশাল শিফা ভবনের একটি নির্দিষ্ট অংশে আমাদের সেনারা উপস্থিত আছে। আমাদের সেনারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধীরগতিতে পরিকল্পিত অগ্রগতি অর্জন করছে।
ইসরায়েল দাবি করে আসছে, হামাস যোদ্ধারা দীর্ঘদিন ধরে তাদের সামরিক কর্মকাণ্ডের জন্য গাজার সবচেয়ে বড় হাসপাতালটিকে ব্যবহার করে আসছে। তবে হামাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন, আল শিফার বাইরে বন্দুকযুদ্ধে চার ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। সেনারা যে এলাকায় অনুসন্ধান করছে সেখানে পাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের একজন হামাস সদস্য বলে আমি মনে করি।








