গাজা উপত্যকায় হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, নিহতদের মধ্যে দুই কমান্ডারও রয়েছেন। বুধবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।
নিহতদের একটি কোলাজ ছবি ও পরিচয় প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ নিয়ে স্থল আক্রমণে নিহত সেনার সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।
উত্তর গাজার শেজাইয়া শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় এসব সেনা নিহত হন। মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্র ও প্রকৌশল বাহিনীর সঙ্গে গোলানি ব্রিগেডের পদাতিক সৈন্যরা কাসবাহ বা শেজাইয়ার কেন্দ্রস্থলে অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। এটি উত্তর গাজায় হামাসের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি।
পরিত্যক্ত ভেবে তিনটি ভবনের একটি ক্লাস্টারে অনুসন্ধান চালাতে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা। সুড়ঙ্গের প্রবেশদ্বার দিয়ে একটি ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামাস যোদ্ধারা অতর্কিত হামলা চালায়। এসময় ইসরায়েলের ওই দশ সেনা নিহত হয়।








