অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতাল রক্তে ভেসে গেছে বলে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থা নতুন করে ঠিক করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শনিবার আল শিফা হাসপাতালে বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে সেখানে পানি ও খাবারের অনেক ঘাটতি রয়েছে। ডব্লিউএইচও বলছে, বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে আশ্রয় নেওয়ায় স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না।
প্রতি মুহূর্তে হাসপাতালে রোগীরা আসছেন। হাত-পা ভেঙে যারা হাসপাতালে আসছেন তাদের মেঝেতে রেখেই সেলাই করা হচ্ছে। সেখানে ব্যথা নিরসনের কোনও ব্যবস্থা নেই। হাসপাতালের জরুরি বিভাগ কানায় কানায় পরিপূর্ণ।
ডব্লিউএইচও বলেছে, হাসপাতালটিতে বিপুলসংখ্যক গাজার বাসিন্দা আশ্রয় নেওয়ায় সেখানে আহত ও অন্যান্য রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। সক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও শত শত রোগী আল-শিফা হাসপাতালে আসছেন।
এদিকে ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই গাজার আল শিফা হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ আছে বলে করে আসছে ইসরায়েল।
গত ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ১৯ হাজার ছুঁয়েছে। অপরদিকে হামাসের হামলায় ১২শ’ ইসরায়েলি নিহত হয়েছেন।









