ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার (১২ জানুয়ারি) নতুন করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুথি গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। নতুন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা হুথিদের ওপর করা হামলার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে আরও বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন।
হুথি আন্দোলনের চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
ইয়েমেনের বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমেও হামলার বিষয়ে জানাচ্ছেন। একাধিক পোস্টে রাজধানী সানার কাছে একটি বিমানঘাঁটিতে হামলার কথা জানানো হয়েছে। উপকূলীয় শহর হোদেইদাহতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ব্যবহৃত কমপক্ষে এক ডজন সাইটে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এসময় তারা সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট ব্যবহার করেছিল।
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানোর হয় বলে দাবি করেছিল দেশ দুটি। হামলার পর ওইদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে আরও হামলা চালাতে দ্বিধা করবে না তারা।








