অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শততম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপিন্থরা। রবিবার (১৪ জানুয়ারি) তেল আবিবে সারাদিনব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। শুধু তাই না, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী সমাবেশও করেছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান ও মুক্ত ফিলিস্তিনের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিপন্থিরা। সেসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তারা বলেন, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে।
এদিকে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ২৪ ঘণ্টার বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনপন্থিরা। ইসরায়েলে হামাসের হামলার সময় অনুসারে সাড়ে ছয়টা থেকে এ বিক্ষোভ শুরু করেছে তারা।
এই বিক্ষোভ মিছিলে শুধু গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করেননি, হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদেরকে ফিরিয়ে আনার দাবি নিয়ে নেতানিয়াহুর সরকার বিরোধী মিছিলও করেন বিক্ষোভকারীরা।
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মিছিলে নিউ জার্সির ফার্মাসিস্ট অ্যাডাম অ্যাবোশেরিয়া বলেন, ইসরায়েলি বিমান হামলায় ৮৩ বছর বয়সী বাবা হারিয়েছি। তাছাড়া মা ও ভাইসহ পরিবারের ১০০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।
স্বজন হারানোর বেদনা নিয়ে অ্যাবোশেরিয়া বলেন, পরিবারের অনেক সদস্যের লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।









