ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১৭০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার (২৭ জুলাই) এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, খান ইউনিস এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে আমরা প্রায় ১৭০ জন নিহত এবং শতাধিক আহতের কথা বলছি।
তিনি জানান, শনিবার আবারও অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে।
বাসাল বলেন, প্রশ্ন হলো, এই বাসিন্দারা কোথায় যাবে? যে কেউ খান ইউনিসের পরিস্থিতি দেখবে, তারা দেখবে হাজার হাজার মানুষ মাটিতে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমন এলাকায় যেগুলো দুর্ভাগ্যবশত বসবাসের উপযোগী নয়।
তিনি আরও বলেন, অন্যান্য বিকল্প না থাকায়, তারা নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
শনিবারের শুরুতে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ শহরের বাসিন্দাদের জন্য সরে যেতে নতুন নির্দেশনা জারি করে। পাঁচজন ইসরায়েলির মৃতদেহ উদ্ধারের পর নতুন অভিযানের হুঁশিয়ারি দিয়েছিল তারা।
জাতিসংঘ জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি খান ইউনিস থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রকেট হামলা বন্ধ করতে তারা এই অভিযান শুরু করেছে।
গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন আক্রমণে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয় বলে দাবি ইসরায়েলের। এই হামলার জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজার আক্রমণ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস ও ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলোর প্রায় ১৪ হাজার যোদ্ধাকে তারা হত্যা বা বন্দি করেছে। যুদ্ধের শুরুতে ফিলিস্তিনি যোদ্ধাদের সংখ্যা ২৫ হাজারের বেশি ছিল বলে ধারণা করা হয়।








