ইসরায়েলের আকাশে লেবানন থেকে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পরই দেশটির মধ্যাঞ্চলে সাইরেন বেজে ওঠেছে। সোমবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামরিক বাহিনী বলেছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বাকিগুলো খোলা স্থানে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি তারা।
আইডিএফ জানিয়েছে, তাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকাগুলোতে কোনও পরিবর্তন আনা হয়নি।
এর আগে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলার দাবি করেছিল লেবাননের হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মিত্র এই গোষ্ঠীটি দাবি করেছে, হাইফার দক্ষিণে ‘ফাদি ১’ নামের একটি সামরিক ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে যোদ্ধারা। একইসঙ্গে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা।








