সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৮:০৫আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:১৮

বেসামরিক পারমাণবিক কর্মসূচি বিকাশের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতর একে একটি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ হিসেবে বর্ণনা করেছে। যা সৌদি আরবের পারমাণবিক শক্তি কর্মসূচিতে আমেরিকান কোম্পানিগুলোর বড় ধরনের প্রবেশের সুযোগ তৈরি করবে।

যদিও চুক্তির বিস্তারিত মূল দফাগুলো প্রকাশ করা হয়নি, তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব নিজেদের মাটিতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পেতে পারে। এই ইউরেনিয়াম বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য প্রথম কোনও ঘটনা এবং আগে থেকেই অস্থির এই অঞ্চলে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র প্রসারের ঝুঁকি তৈরি করতে পারে।

মার্কিন জ্বালানি দফতর জানিয়েছে, এই সহযোগিতার পাশাপাশি একটি দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। দফতরটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, একসঙ্গে এই দুটি চুক্তি একটি বহু-দশকব্যাপী ও কোটি কোটি ডলারের অংশীদারত্বের আইনি ভিত্তি স্থাপন করলো।

সৌদি সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি উভয় দেশের বিদ্যমান জ্বালানি সহযোগিতারই একটি সম্প্রসারণ, যা গত নভেম্বরে সৌদি নেতার ওয়াশিংটন সফরের পর এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের কয়েক মাস ধরে চলা সংঘাতের কেন্দ্রে রয়েছে এই পারমাণবিক ইস্যু। ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই লক্ষ্যেই গত ফেব্রুয়ারিতে তারা দেশটিতে হামলা চালায় বলে দাবি করে আসছে ওয়াশিংটন ও তেল আবিব। যদিও তেহরান পরমাণু বোমা তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।

এর আগে ২০১৮ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, তার দেশ পারমাণবিক অস্ত্র পাওয়ার পরিকল্পনা করছে না, তবে নিঃসন্দেহে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে, তবে আমরাও যত দ্রুত সম্ভব তা অনুসরণ করব।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার মধ্যেই বুধবার (২২ জুলাই) এই চুক্তির ঘোষণা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে, যেগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এ ছাড়া ইয়েমেনের হুথিরা দেশটির বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণার দুই দিন পরই এই চুক্তি সামনে এলো।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ পর্যালোচনার পর সৌদি আরব আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর না করে মার্কিন নির্মিত সমৃদ্ধকরণ সুবিধায় নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পেতে পারে। এটি যুক্তরাষ্ট্রের জন্য শত কোটি ডলারের ব্যবসা এনে দিতে পারে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, আশ্বস্ত থাকুন, এই চুক্তিগুলো উচ্চতম পারমাণবিক নিরাপত্তা মান বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্রে ডিজাইন করা বিশ্বের সেরা পারমাণবিক প্রযুক্তি ও বিজ্ঞানীদের ওপর নির্ভর করবে।

তবে ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজ-এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিক বলেন, যুক্তরাষ্ট্র যদি সৌদিকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেয়, তবে তা হবে অত্যন্ত চমকপ্রদ। কারণ এর আগে যুক্তরাষ্ট্র কখনও অন্য কোনও দেশকে তাদের নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সাহায্য করেনি। নিজস্ব জ্বালানি উৎপাদনের ক্ষমতা অর্জন করলে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি অনেক বেড়ে যায়। ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তির সঙ্গে এর বড় তফাৎ রয়েছে; কারণ আমিরাত নিজস্ব জ্বালানি উৎপাদন করে না এবং কঠোর বিধিনিষেধ মেনে চলে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্র ইসরায়েলের সাবেক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই পদক্ষেপ সৌদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। তবে ইসরায়েলের অর্থনীতি বিষয়ক মন্ত্রী নির বারকাত বলেন, সৌদি আরব যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করে, তবে তার দেশ তা সামলে নিতে পারবে। ইসরায়েল নিজে পারমাণবিক অস্ত্রের মালিক বলে ধারণা করা হলেও দেশটি তা স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না।

চুক্তিটি এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। উভয় দলের কিছু আইনপ্রণেতা এর বিরোধিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষ নিয়ন্ত্রণ করায় এটি আটকে দেওয়ার মতো ভোট বিরোধীদের নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরমাণু অস্ত্র প্রসারের ঝুঁকি উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের কোনও দেশের সঙ্গেই এমন চুক্তি করবে না যা পরমাণু প্রসারের ঝুঁকি তৈরি করে।

তবে ডেমোক্র্যাটরা খোঁচা দিয়ে মনে করিয়ে দিয়েছেন যে সিনেটর থাকাকালে রুবিও নিজেই ‘নো নিউক্লিয়ার ওয়েপনস ফর সৌদি আরব অ্যাক্ট’ সমর্থক ছিলেন। ডেমোক্র্যাটিক সিনেটর এডওয়ার্ড মার্কি রুবিও ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ইরানকে পারমাণবিক বোমা থেকে ঠেকানোর অজুহাতে যুদ্ধ শুরু করলেও তারা সৌদি আরবকে পারমাণবিক প্রযুক্তির সুযোগ দিচ্ছে। তাদের এই ভণ্ডামি কেবল তাদের দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গেই তুলনীয়।

তবে যুক্তরাষ্ট্রের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সদস্য ও জ্বালানি বিশেষজ্ঞ বব ম্যাকন্যালি বলেন, যুক্তরাষ্ট্র কোনও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে না এবং দায়িত্বশীলভাবে পারমাণবিক খাত বিকাশে অন্যান্য দেশের সঙ্গে কাজ করার ভালো রেকর্ড ওয়াশিংটনের রয়েছে।

সৌদি আরব বছরের পর বছর ধরে এই চুক্তির জন্য লবিং করে আসছিল। কিন্তু এতদিন ওয়াশিংটনের শর্ত ছিল সৌদিকে আগে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এবং কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে হবে। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সেই দাবি থেকে মার্কিন প্রশাসন সরে এসেছে।

হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারে কাজ করেছেন। এই চুক্তির পেছনে কৌশলগত ও বাণিজ্যিক লাভের পাশাপাশি একটি সম্ভাব্য কারণ হলো, রাশিয়া ও চীনও নাকি সৌদি আরবের সঙ্গে একই ধরনের চুক্তির আলোচনা করছিল। ওয়াশিংটন তাই এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সক্ষমতা রাখা এই চুক্তিকে সৌদি আরবের বড় একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মোদির সোশ্যাল মিডিয়া ‘গেম’ পাল্টে দিচ্ছে জেন-জি
যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভে ৮৪ বছরের বৃদ্ধ
একা পুলিশের গাড়ি আটকে ভাইরাল রিহা
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
মোদির সোশ্যাল মিডিয়া ‘গেম’ পাল্টে দিচ্ছে জেন-জি
মোদির সোশ্যাল মিডিয়া ‘গেম’ পাল্টে দিচ্ছে জেন-জি
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত