জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মঙ্গলবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘটনাকে একটি ‘অপ্রত্যাশিত আক্রমণের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।
কূটনীতিকে আরও একটি সুযোগ দিতে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে এটিই প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। এই হামলা মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনার ভঙ্গুর পরিস্থিতিকে ভেস্তে দেওয়ার ঝুঁকিতে ফেলেছে এবং ট্রাম্পকে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করতে পারে।
সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘অত্যন্ত গভীর আলোচনায়’ রয়েছে। তবে কূটনীতি ব্যর্থ হলে তিনি পুনরায় ‘কঠোর সামরিক পদক্ষেপে’ ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন। আলোচনার জন্য তিনি কতটা সময় দেবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, বেশি সময় নেই। হয় এটি দ্রুত সমাধান হবে, না হয় একেবারেই হবে না।
সেন্টকম জানায়, মঙ্গলবার বিকেলে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে। মার্কিন বাহিনী বর্তমানে সতর্ক এবং উচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সেন্টকম জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে পরিচালিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে মার্কিন ও সৌদি যুদ্ধবিমানগুলো পূর্ব ইরাকের একাধিক লজিস্টিকস ও অস্ত্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে।
পরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় অংশগ্রহণের কথা নিশ্চিত করে জানায়, সেন্টকমের সঙ্গে সমন্বয় করেই যৌথভাবে এটি পরিচালনা করা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনীর ওপর চালানো এসব হামলা সফল হয়নি। তাদের দেওয়া তথ্যমতে, গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও স্থাপনায় ৬০০টিরও বেশি হামলার চেষ্টা চালিয়েছিল।
পরবর্তী সামরিক পদক্ষেপ এড়াতে আইআরজিসি এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে অবশ্যই এই ধরনের হামলা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেন্টকম।
চলতি মাসের শুরুর দিকে জর্ডানের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল, যাতে দুজন মার্কিন সামরিক সদস্য নিহত হন। ওই ঘটনার পরই ট্রাম্প ইরানে টানা ১৩ রাতের সামরিক অভিযান জোরদার করেছিলেন।

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ