পশ্চিম তীরের শাসক প্যালেস্টাইন অথরিটির (পিএ) সঙ্গে যুক্ত কোনও গোষ্ঠীকে সামরিক অভিযানের পরিকল্পনা করতে দেখা গেলে অধিকৃত পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সোমবার তিনি জানান, এমন পরিস্থিতি তৈরি হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা, তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং ‘সন্ত্রাসবাদী অবকাঠামোর’ বিরুদ্ধে এক ব্যাপক অভিযান চালানো হবে।
সাংবাদিকদের কাৎজ বলেন, নিরাপত্তা পরিস্থিতির ‘অবনতি ঘটলে’ এ ধরনের অভিযানের প্রস্তুতি নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কাৎজ সতর্ক করে বলেন, অতীতের মতো বছরের পর বছর ধরে চলা কোনও ইন্তিফাদার পরিস্থিতিতে আমরা ফেরত যেতে দেব না।
তিনি আরও বলেন, আমরা ৭ অক্টোবরের বাস্তবতায় ফিরে যেতে দেব না। আমরা সব জায়গায় ইসরায়েলি বাসিন্দা ও তাদের জনপদের নিরাপত্তা নিশ্চিত করব।
কাৎজ জানান, পিএ-এর বিরুদ্ধে কোনও বড় ধরনের অভিযান পরিচালিত হলে তা গাজা ও লেবাননে প্রতিষ্ঠিত তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলের’ আদলে চালানো হবে। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত দ্বিতীয় ইন্তিফাদায় পিএ-সংক্রান্ত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এদিকে সোমবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে ছুরিকাঘাত করার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আহত ওই ইসরায়েলিকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কালকিলিয়ার পূর্বাঞ্চলীয় হাজে গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি পুরুষ নিহত হয়েছেন। এলাকাটিতে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের যৌথ গুলিবর্ষণে আরও বেশ কয়েকজন আহত হন।
সূত্র: মিডল ইস্ট মনিটর

নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন







