সৌদি আরবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির ভূখণ্ডে হামলা চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য রেকর্ড বা শেয়ার না করার জন্য নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। একই সঙ্গে রিয়াদে স্থানীয় আইনি বিধিবিধান মেনে চলার পরম পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের জারি করা একটি বিজ্ঞপ্তি পুনরায় শেয়ার করে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, সৌদি আরবে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়কে স্থানীয় নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ কার্যক্রম এবং সেগুলো যেসব স্থানে পড়েছে সেসব সংক্রান্ত তথ্য ধারণ করা, প্রকাশ করা বা শেয়ার করা আইনগত দায়বদ্ধতার মুখোমুখি করতে পারে।
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বৃদ্ধি পাওয়ায় এই নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে রিয়াদ ও দাম্মাম থেকে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আগামী ৭ নভেম্বর পর্যন্ত এবং জেদ্দায় ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় মিশন।
পরিস্থিতি মোকাবিলায় জেদ্দা ও মক্কায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে ভারতীয় কনস্যুলেট। ফ্লাইট বাতিলের ফলে সৃষ্ট ভিসা সংক্রান্ত সমস্যা সামলাতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু