উপসাগরে চলার সময় অজ্ঞাত বস্তুর আঘাতে কাতারের একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজে এটি সর্বশেষ হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রবিবার দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, শুক্রবার সন্ধ্যায় তাদের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ আল মায়েদা হামলার শিকার হয়।
বিবৃতিতে বলা হয়, নাবিকদের কেউ আহত হননি এবং পরিবেশের কোনও ক্ষতির খবর নেই। কাতার স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় ও চালু রয়েছে। ঘটনার প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি কাতারের বন্দর ও টার্মিনালগুলোকে টোয়েজ ও সামুদ্রিক সহায়তা সেবা সরবরাহ করে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ১২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ আঘাতের শিকার হয়েছে।
যুদ্ধের শুরুতেই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। অনুমতি ছাড়া এ গুরুত্বপূর্ণ জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে জাহাজ ধ্বংসের মুখে পড়বে বলে দেশটি বারবার সতর্ক করেছে। জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ বন্দরগুলোয় আবার অবরোধ আরোপের পর থেকে হামলা বেড়েছে। অন্তত ২৯টি জাহাজে হামলার ঘটনায় অক্টোবর ছিল যুদ্ধের সবচেয়ে খারাপ মাস। এর আগে মার্চে ২০টি হামলা রেকর্ড করা হয়েছিল।
হুথিদের মোকাবিলায় কেন ব্যর্থ সৌদি আরব, নেপথ্যে কোন পরাশক্তি?