মুসলিম ও পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু ও ইহুদিদের মধ্যে ক্রমবর্ধমান জোটের বিরুদ্ধে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির সতর্ক করেছেন বলে দাবি করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই। গত ২৬ অক্টোবর তেহরানে অনুষ্ঠিত চার দেশের নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে মুনির এ মন্তব্য করেন বলে তিনি জানান।
লাহোরভিত্তিক সংবাদমাধ্যম ২৪ নিউজ এইচডি ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া মহসিন রেজাইয়ের সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানায়। গত ২৬ অক্টোবর ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিবৃন্দের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই।
৩১ অক্টোবর ইরানি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানান, বৈঠকে সৌদি, তুর্কি ও পাকিস্তানি কর্মকর্তারা ইসরায়েল নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। আসিম মুনিরকে উদ্ধৃত করে রেজাই বলেন, তিনি ইসরায়েলি হুমকি এবং মুসলিম ও পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু ও ইহুদিদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তুর্কি গোয়েন্দা প্রধান কালিনও ইসরায়েলি হুমকি নিয়ে জোরালো মন্তব্য করেন।
পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক নাজাম শেঠিও তার ইউটিউব চ্যানেলে রেজাইয়ের বক্তব্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহসিন রেজাই বেশ হালকা মেজাজে আসিম মুনির ও সৌদি প্রতিরক্ষামন্ত্রীর কথাগুলো ব্যাখ্যা করছিলেন। শেঠির মতে, আসিম মুনির একে ‘মুসলিম ও পাকিস্তানের বিরুদ্ধে ভূরাজনৈতিক মিলন’ বলে অভিহিত করেছেন এবং সতর্ক করে বলেছেন, ‘হিন্দু ও ইহুদিদের এই জোট আমাদের জন্য এক বিশাল হুমকি।’
আসিম মুনির এর আগেও হিন্দু ও মুসলিমদের ধর্মীয় পার্থক্যের কথা একাধিকবার তুলে ধরেছেন। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাম হামলার কয়েক দিন আগে তিনি দ্বি-জাতি তত্ত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, হিন্দু ও মুসলিমদের ধর্ম, রীতিনীতি, চিন্তাভাবনা ও লক্ষ্য সম্পূর্ণ আলাদা। এবার তিনি সেই বক্তব্যের সঙ্গে ইহুদি প্রসঙ্গ যুক্ত করলেন, যা রেজাইয়ের বিবরণে উঠে এসেছে।
এদিকে ভারত ও ইসরায়েলের অংশীদারত্ব প্রতিরক্ষা, কাউন্টার-টেররিজম, বাণিজ্য ও প্রযুক্তির ভিত্তিতে নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের সময় এটি ‘বিশেষ কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হয়। এছাড়া ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর’-এর সময় আত্মরক্ষার অধিকারের প্রশ্নে ভারতকে একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল ইসরায়েল।
ইরানে আসিম মুনিরের এটি দ্বিতীয় সফর ছিল। এর আগে ২০ অক্টোবর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে তেহরান সফরে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও রেজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অবশ্য ২৬ অক্টোবরের গোপন কূটনৈতিক বৈঠকে আসিম মুনির এই মন্তব্য করেছিলেন কি না, সে বিষয়ে রেজাইয়ের দাবির বাইরে স্বাধীনভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় পর্যটক
সুপারম্যানের ‘ক্রিপ্টোনাইট’-এর রহস্য লুকিয়ে আছে যে দেশে