তাইওয়ানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট তা ইং-ওয়েন শপথ নেওয়ার পর এবার ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই ভাষণের দিকে তীক্ষ্ণ নজর রাখছে চীন।
বিবিসির খবরে বলা হয়েছে, ভাষণে নতুন প্রেসিডেন্ট তাইওয়ানের অর্থনীতি, উন্নয়ন এবং বেইজিংসহ বিভিন্ন দেশের সঙ্গে এর সম্পর্ক নিয়ে বলবেন বলে ধারণা করা হচ্ছে।
ওই ভাষণের প্রতি চীনের আগ্রহ রয়েছে। নতুন প্রেসিডেন্ট কী বার্তা দেন, সেটা নজরে রাখতে চায় তারা।
ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এই নেত্রী চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পান। এর পরপরই তাইওয়ানকে আবারও চীনের অংশ হিসেবে ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি সে সময় বলেন, চীনের তাইওয়ান অঞ্চলে কে ক্ষমতায় আছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তবে নির্বাচিত প্রেসিডেন্টকে অবশ্যই দ্বীপটির নিজস্ব সংবিধানের প্রতি সম্মান দেখাতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তাইওয়ানের স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে তা ইং-ওয়েনের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তিনি শপথ নেন। পরে তা ইংকে রাষ্ট্রীয় সিলমোহর প্রদান করা হয়। শপথ অনুষ্ঠান শেষে তা ইং-ওয়েন প্রসাদের বাইরে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনীতিকরা প্রেসিডেন্টের শপথ ও ভাষণ প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সূত্র: বিবিসি
/বিএ/








