ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির চার আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন পাইলট, কো পাইলট এবং উদ্ধারকাজের দুইজন বিশেষজ্ঞ। শুক্রবার ফ্রান্সের কর্মকর্তারা এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি স্পেন সীমান্তে একটি প্রশিক্ষণ অভিযানে ছিল। তবে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টরটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
এর আগে গত বুধবার রাতে প্যারিস থেকে ছেড়ে যাওয়া ইজিপ্টএয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়। বিমানটিতে তিনটি শিশুসহ ৬৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩০ জন মিসরীয়, ১৫ জন ফরাসি, একজন ব্রিটিশ, দুজন ইরাকি ছাড়াও কানাডা, কুয়েত, বেলজিয়াম, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, শাদ ও পর্তুগালের নাগরিক রয়েছেন।
এদিকে বিমানটির ভাগ্যে কী ঘটেছিল তা নিয়ে নানা জল্পনা চলছে। বিমানটি নিখোঁজ হওয়ার ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির চেয়ে সন্ত্রাসবাদের আশঙ্কাকে জোরালো করে দেখছে মিসরীয় কর্তৃপক্ষ।
বিমানটি যখন নিখোঁজ হয় তখন আবহাওয়া ভালো ছিল। গ্রিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে,কিয়া দ্বীপ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তবে পাইলট সে সময় কোনও ধরনের সমস্যার কথা জানাননি। এদিকে বিমানটি মিসরের বিমান পরিবহন মন্ত্রী শেরিফ ফাথি এর সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগের আশঙ্কা প্রকাশ করেন। সূত্র: স্কাই নিউজ।
/এমপি/








