সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সংসদ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবারের এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব যোদ্ধারা। তারা জানিয়েছে ওই হোটেলে অবস্থানরত সরকারি কর্মকর্তা ও বিদেশী কূটনীতিকরাই ছিলেন এই হামলার লক্ষ্য।
নিহত দুই রাজনীতিবিদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন মোহামুদ মোহামেদ ও আব্দুল্লাহি জামাক। এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।
আল শাবাব সেনা অভিযান মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাদ আল জাজিরাকে বলেন, ‘আমরা গাড়ি বোমা দিয়ে হোটেলটি আক্রমণ করেছি ও হোটেলের ভেতরে প্রবেশ করেছি।’
হোটেল কর্তৃপক্ষ ও হোটেলের বাসিন্দারা জিম্মি হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
এদিকে পুলিশ জানিয়েছে, এই আক্রমণ এখনও জারি আছে। অন্তত দুইজন আল শাবাব সদস্য হোটেলের সবচেয়ে ওপরের তলায় অবস্থান করছেন। তাদের কাছে আত্মঘাতী হামলার সরঞ্জামাদি থেকে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
/ইউআর/








