‘পূর্বে তাকাও’ নীতি সফল করতে ভারতের সরকারি বেতার বার্তা সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’ (এআইআর)বাংলাদেশে বিশেষ সম্প্রচার পরিষেবা শুরু করতে যাচ্ছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামি ২৮ জুন থেকে ওই পরিষেবা চালু হবে।
আগামী ২৮ জুন ‘আকাশবাণী মৈত্রী’ নামে ওই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং বিপুল সংখ্যক জনগণের কাছে পৌঁছাতেই বাংলায় বিশেষ সম্প্রচার পরিষেবা চালু করা হবে। তবে হিন্দুস্থান টাইমসের এক খবরে বলা হয়, গত বছর নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়। পাশাপাশি স্বাক্ষর করা হয় বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)। ভারতের কেন্দ্রীয় সরকারের আশা, সেই ধারাবাহিতায় ‘পূবে তাকাও’ নীতিকে সফল করতে এবার রেডিও যোগাযোগ বড় ভূমিকা নিতে পারে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে অবস্থান নেয় অল ইন্ডিয়া রেডিও। জনযুদ্ধে অংশ নেওয়া লাখ লাখ মুক্তিযোদ্ধার মনোবল বাড়িয়ে তুলেছিল ভারতের এই সরকারি বেতার বার্তা। তরুণ সমাজকে আলোড়িত আর উদ্বুদ্ধ করেছিল ওই বেতার। সেই ৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত এই বেতার বার্তা চালু ছিল।
এবার সেই জায়গাতেই ‘আকাশবাণী মৈত্রী’ নামে নতুন পরিষেবা চালু করা হবে।
নতুন এই পরিষেবা চালু হবে পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়া থেকে। যেখানে বাংলাদেশের শ্রোতাদের কাছে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সূত্র: হিন্দুস্থান টাইমস, কলকাতা২৪
/বিএ/








