ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ট্রাক নিয়ে হামলা চালানো ড্রাইভারকে আগেই চিনত পুলিশ। ছোটখাট অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে আগে তার কোনও সন্ত্রাসবাদী সংশ্লিষ্টতার কথা জানা যায়নি। ফরাসি তদন্ত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এই খবর জানিয়েছে।
টেলিগ্রাফের খবরে তদন্ত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সহিংসতা সৃষ্টিকারী হিসেবে পুলিশের কাছে তার পরিচিতি ছিল। সে অস্ত্রও ব্যবহার করত। তবে তার কোনও সন্ত্রাসবাদী সংযোগ ছিল না।’ হামলাকারীর পরিচয়পত্র পাওয়া গেছে উল্লেখ করে ওই তদন্ত সূত্র টেলিগ্রাফকে জানায়, হামলাকারী ফ্রান্স ও তিউনিশিয়ার দ্বৈত নাগরিক। তার বয়স ৩১ বছর।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে।স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
হামলায় আইএস-এর দায় স্বীকারের খবর দিয়েছে এক ফরাসি মিডিয়া। আজারবাইজানভিত্তিক সংবাদ সংস্থা ট্রেন্ড-এর এক খবরে এ কথা জানানো হয়েছে। তবে আইএস-এর ওই কথিত দায় স্বীকারের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ট্রাক হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। শুক্রবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
/বিএ/
স্থানীয় সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দুর্ঘটনা ছিল না। ইচ্ছাকৃতভাবেই ট্রাকটি ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/বিএ/








