বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবসে ট্রাক হামলায় ৮৪ জন নিহত হওয়ার পর শুক্রবার ফ্রান্সের উপকূলীয় শহর নিসে নীরবতা বিরাজ করছে। কর্তৃপক্ষের পরামর্শ মেনে বেশিরভাগ মানুষই বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে ট্রাক চালক একাই হামলা চালিয়েছে নাকি তাকে আরও কেউ সহযোগিতা করেছে তা নিশ্চিত হতে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে নিস শহরে ট্রাক হামলার ঘটনায় নিহতদের স্মরণে শনিবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। ওই হামলায় অন্তত ১০ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন নিস শহরের মেয়র। তাছাড়া আরও ৫০ শিশুকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোককজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।
এরইমধ্যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রাক চালককে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তিনি তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। ৩১ বছর বয়সী এ ব্যক্তি একাই হামলা চালিয়েছেন নাকি তার কোনও সহযোগী ছিল তা নিশ্চিত হতে ব্যাপক পুলিশি অভিযান চলছে। ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমে ট্রাক চালকের নামও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে তার নাম মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল। তবে খবরটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্র এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে নিস শহরের পার্শ্ববর্তী সেইন্ট-লঁরা-দু-ভার থেকে ট্রাকটি ভাড়া করেন চালক। ফরেনসিক কর্মকর্তারা গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করছেন।
নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে গার্ডিযানের প্রতিবেদনে বলা হয়, ট্রাক হামলার ঘটনায় নিস শহরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে সমুদ্র সৈকতটি পর্যটকের কোলাহলে মুখর থাকে তা শুক্রবার নীরব হয়ে পড়েছে। অনেকেই বাড়িতেই দিন পার করছেন। বাড়ি-ঘরের জানালাগুলোও শক্ত করে লাগিয়ে রাখা হয়েছে। ক্যাফে ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
বিদেশি পর্যটকদের কেউ কেউ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে নিস শহরে ট্রাক হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ এমন একটি হুমকি যার জন্য ফ্রান্সকে ব্যাপক ভুগতে হচ্ছে। সন্ত্রাসীদের উদ্দেশ্য হলো ভয় আর আতঙ্ক ছড়ানো। কিন্তু ফ্রান্স সুদৃঢ় গণতন্ত্রের দেশ। এটি নিজেকে অস্থিতিশীল হতে দেবে না।’
এর আগে ট্রাক হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। শুক্রবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি আছে। সে জরুরি অবস্থা তিন দফা বাড়িয়ে তা ২৬ জুলাই পর্যন্ত করা হয়। কিন্তু সে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার আগেই বাস্তিল দিবসে হামলার প্রেক্ষাপটে আবারও তিন মাসের জন্য তা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। আগামী ২৬ জুলাই থেকে বর্ধিত জরুরি অবস্থা কার্যকর হবে। সূত্র: গার্ডিয়ান, বিবিসি, সিএনএন
/এফইউ/বিএ/








