সম্প্রতি পাকিস্তানে একের পর এক আইনজীবী জঙ্গি ও সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত কয়েক মাসে বেশ কয়েকজন আইনজীবীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সর্বশেষ সোমবার বালুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসিকে গুলি করে হত্যা দুর্বৃত্তরা। এরপর হাসপাতালে জড়ো হওয়া অন্তত অর্ধশতাধিক আইনজীবীকে লক্ষ্য করে আত্মাঘাতী বোমা হামলা চালানো হয়।
বালুচিস্তানের কোয়েটায় সোমবার সকালে সিভিল হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন আইনজীবী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা অন্তত ৫৩ জন বলে জানা গেছে। সোমবার হাসপাতালের হামলায় ১৭ জন আইনজীবী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদের বালুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাজ মুহাম্মদ কাকারও রয়েছেন।
শুধু সোমবারের হামলাই নয়, সম্প্রতি পাকিস্তানে বিশেষ করে বালুচিস্তানে একের পর এক আইনজীবী হামলার শিকার হয়েছেন।
৩ আগস্ট অজ্ঞাতদের গুলিতে নিহত জাহানজেব আলভি নামের এক আইনজীবী। এ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সোমবার নিহত বিলাল কাসি। এ হত্যার প্রতিবাদে দুইদিন কোর্টের কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছিলেন তিনি।
জুনে স্পিনি রোডে বালুচিস্তান আইন কলেজের প্রিন্সিপাল ব্যারিস্টার আমানুল্লাহ আচাকজিকে গুলি করে হত্যা করা হয়।
এর আগে পাকিস্তানি খ্রিস্টান নাগরিকের পক্ষে মামলা পরিচালনার জন্য এক আইনজীবীকে হত্যার হুমকি দেওয়া হয়।
ঠিক কী কারণে পাকিস্তানের আইনজীবীরা সন্ত্রাসীদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছেন, আইনজীবীরা সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে মামলার পরিচালনার কারণেই তাদেরকে লক্ষ্য করা হচ্ছে। আবার কেউ কেউ মনে করেন, পাকিস্তানে সব সময় সরকারবিরোধী অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন আইনজীবীরা। এ কারণে কোনও কোনও সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা চালাচ্ছে।
গত এক দশক ধরে বালুচিস্তানে বেশ কিছু সহিংসতা ও টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে। গত ১৫ বছরে সংখ্যালঘু শিয়া ও হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে অন্তত ১ হাজার ৪০০টি হামলা হয়েছে।
আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী ও আল কায়েদা জঙ্গিরা বেশ সক্রিয়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে প্রদেশটির সীমান্ত রয়েছে। কিছুদিন তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তিনি ইরান থেকে গাড়িতে করে কোয়েটা ফিরছিলেন। সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন।
আরও পড়ুন:
/এএ/








