অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে এক প্রতিবাদকারী ডিম ছুড়ে মেরেছেন। দেশটির জাতীয় নির্বাচনে প্রচারণার সময় এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগে। তবে তা ভাঙেনি। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, এক নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর গায়ে ডিম ছুড়ে মারার ঘটনাটি ঘটেছে ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে। কাউন্ট্রি উইম্যান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে একজন বয়স্ক নারী অজ্ঞান হয়ে পড়েন।
স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে ভীরুতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলার পর অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে মেরে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছিলেন সতেরো বছরের অস্ট্রেলিয়ান। তাকে এখন 'ডিম বালক' নামেই ডাকা হচ্ছে।








