তুর্কি-সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ক্ষমা চেয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের এক মুখপাত্র একথা জানিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক বার্তা পাঠিয়ে ভ্লাদিমির পুতিনের কাছে এ ক্ষমা চেয়েছেন। পুতিনকে পাঠানো বার্তায় নিহত পাইলটটির পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন এরদোয়ান।
পেসকভ দাবি করেন,চিঠিতে বলা হয়েছে রাশিয়া তুরস্কের বন্ধু ও কৌশলগত সহযোগী। তুরস্ক তা নষ্ট করতে চায় না।
অবশ্য রাশিয়ার এ দাবি সম্পর্কে তুরস্ক এখনও কোনও মন্তব্য করেনি।
প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর তুর্কি-সিরিয়া সীমান্তে একটি রাশিয়ান এসইউ-২৪ যুদ্ধ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। বিমানটি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের জাবাল তুর্কম্যান অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিহত হলেও নেভিগেটর ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিনকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টারে আগুন লেগে গেলে সেখানে একজন রাশিয়ান নিহত হন। এ ঘটনায় রুশ-তুর্কি সম্পর্কে চিড় ধরে। বাকযুদ্ধে জড়িয়ে পড়েন উভয় দেশের রাষ্ট্র প্রধানরা।
যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাশিয়া তুরস্ককে ক্ষমা চাইতে বলে। ক্ষমা না চাওয়ায় তুরস্কের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে এবং রাশিয়ানদের তুরস্কে পর্যটনের সমস্ত প্যাকেজ বাতিল করে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, তুরস্ক ক্ষমা না চাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এরদোয়ান বলেছিলেন, রুশ বিমান তুর্কির আকাসসীমা লঙ্ঘন করেছে। এজন্য রাশিয়ার কাছে কখনও ক্ষমা চাওয়া হবে না। সূত্র: বিবিসি।
/এএ/








