উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো মঙ্গলবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বিরল বৈঠক করেছেন। বৈঠকের শুরুতে তিনি জানিয়েছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ও আন্তর্জাতিক রাজনীতি প্রমাণ দেয় যে, রাশিয়া ও উত্তর কোরিয়ার শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা জরুরি।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রস্তাবিত পারমাণবিক সম্মেলনের আগে রাই ইয়ং রাশিয়া সফরে গেলেন। এর আগে তিনি গত সপ্তাহে চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। উত্তর কোরীয় নেতা কিম জং উনের চীন সফরের পর রাই বেইজিং যান।
উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পূর্বে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন দুই মন্ত্রী। রাই ইয়ংয়ের সফরকে অঞ্চলটির জন্য ইতিবাচক বলে উল্লেখ করেছে রাশিয়া। সূত্র: রয়টার্স।








