রুশ পরররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরীয় নেতা কিম জং উনকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে থাকা ল্যাভরভ এই আমন্ত্রণ জানান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সফরে ল্যাভরভ জানান, মস্কো কোরীয় উপদ্বীপে শান্তি ও সমৃদ্ধি চায়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার ঘোষণাকেও যথেষ্ট গুরুত্ব দেয় রাশিয়া।
১২ জুন ট্রাম্প-কিমের মধ্যকার বহুল আলোচিত বৈঠকের আগেই উত্তর কোরিয়া সফরে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তিতে ছয় জাতির আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়া। দুই কোরিয়ার সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন সের্গেই ল্যাভরভ।
এদিকে ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। রবিবার (২৭ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবরটি নিশ্চিত করেছেন। এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, মার্কিন ও উত্তর কোরীয় কর্মকর্তারা দুই কোরিয়ার মধ্যবর্তী পানমুনজামে (যুদ্ধমুক্ত অঞ্চল) মিলিত হয়েছেন। রবিবার আরেকটি মার্কিন দল বৈঠকের প্রস্তুতি নিতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেছে। ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








