তুরস্কে সিরীয় সীমান্তের কাছে গত মাসে ভূপাতিত হওয়া রুশ যুদ্ধ বিমানটির ফ্লাইট রেকর্ডারের মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার তদন্তকারী দল। আর সেইসঙ্গে ফ্লাইটের সব তথ্য মুছে গেছে বলেও জানিয়েছেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার মস্কোতে সাংবাদিক আর কূটনীতিকদের সামনে ব্ল্যাকবক্সটি খোলা হয়। এরপর রাশিয়ার তদন্তকারী দলের প্রধান নিকোলাই প্রিমাক ঘোষণা দেন যে, সেখান থেকে ফ্লাইটের কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে আগামি সপ্তাহে।
গত ২৪শে নভেম্বর এসইউ-২৪ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। ওই বিমান ভূপাতিত করার জন্য ক্ষমা চাইতে তুরস্ককে চাপ দিয়ে আসছে রাশিয়া। এরইমধ্যে তুরস্কের ওপর বেশ কিছু ক্ষেত্রে অবরোধ আরোপ করেছে মস্কো।
তুরস্কের দাবি, রুশ যুদ্ধবিমানটিকে তাদের আকাশসীমা ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা দেওয়ার পরও তা শোনা হয়নি। অন্যদিকে রাশিয়ার দাবি, যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশসীমাতে অবস্থান করছিল।
সূত্র: বিবিসি
/এফইউ/








