আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া। রবিবার আফগানিস্তানে অবস্থিত রুশ দূতাবাসের এক মুখপাত্র একথা জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তালেবান নেতারা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রুশ দূতাবাসের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, কাবুল থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার কোনও তাৎক্ষণিক প্রয়োজনীয়তা নেই। রাশিয়া আফগানিস্তানের রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও তালেবানকে আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি।
রবিবার তালেবান কাবুলে ঢুকে পড়ার দিনেই দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৌড়ে এই মুহূর্তে আলোচনায় এগিয়ে রয়েছেন জার্মানিতে নিযুক্ত সাবেক আফগান রাষ্ট্রদূত আলি আহমদ জালালি। তবে আরেকটি সূত্র বলছে, একজন সাবেক কূটনীতিকের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বদলে সরাসরি নিজেদের একজনকেই প্রেসিডেন্ট হিসেবে চাইতে পারে তালেবান। সেক্ষেত্রে তালেবান প্রধান মোল্লা আবদুল গণি বারাদারই এগিয়ে থাকবেন।









