রাশিয়ায় আফগান নারীদের সমর্থনে বিক্ষোভ আয়োজনের দায়ে দুই অ্যাক্টিভিস্টকে জরিমানা করা হয়েছে। তারা হচ্ছেন আর্টেমি পিত্যুকভ এবং কেসেনিয়া বেজদেনেঝনিখ। তাদের উভয়কে দুই লাখ রুবল (দুই হাজার ৬৭০ ডলার) করে জরিমানা করা হয়েছে। শুক্রবার প্রেসনেস্কি ডিস্ট্রিক্ট কোর্টের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে ওই দুই অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছে, গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত আফগানিস্তান দূতাবাসের বাইরে ছোট আকারের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই দুই অ্যাক্টিভিস্ট এতে অংশ নিয়েছিলেন।
ওই বিক্ষোভকে কেন্দ্র করে ছয় জনকে আটকের কথা জানিয়েছে স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা ওভিডি-ইনফো।
রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি জানিয়েছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চায় মস্কো। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে।
অন্যদিকে কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ বলেছেন, আফগানিস্তানে তালেবানের কোনও বিকল্প নেই এবং দলটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যর্থ হবে।









