রাশিয়ায় ফের করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪১ হাজার ৩৫৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে একদিনে শনাক্তের ঘটনা এটিই সর্বোচ্চ।
রাশিয়ার এন্টি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার জানিয়েছে, শনিবারের পরিসংখ্যান মিলিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৮৭ লাখ ৫৫ হাজার ৯৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ক্রাইসিস সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার রাশিয়ায় টানা চতুর্থ দিনের মতো শনাক্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
এদিকে ভ্যাকসিনের প্রাচুর্য থাকলেও গত কিছুদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। জার্মানি ও গ্রিসে রেকর্ড সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে। রোমানিয়া ও বুলগেরিয়াতে মৃত্যুর হার বেড়েছে। হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড়। অর্থনীতির চাকা সচল রাখতে অঞ্চলটির বিভিন্ন দেশের সরকার পুনরায় লকডাউন জারি করতে আগ্রহী নয়।









