রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তার গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে ন্যাটোর অবস্থান জানতে চাইবে মস্কো। রবিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা জানিয়েছেন। রাশিয়ার দাবিগুলোর বিষয়ে ন্যাটো মিত্রদের সাড়া যথেষ্ট নয় বলে অভিযোগের পর এ কথা জানালেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটকে নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে আলোচনায় বসতে বাধ্য করেছে রাশিয়া। দেশটি ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, আগামী মাসে হামলা চালিয়ে বসতে পারে মস্কো।
শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার গুরুত্বপূর্ণ নিরাপত্তা দাবি বিবেচনায় নেয়নি। তবে ইউক্রেন নিয়ে অচলাবস্থার মধ্যেও আলোচনার দরজা উন্মুক্ত রেখেছে মস্কো।
রবিবার ল্যাভরভ বলেন, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জোটের সহকর্মী ও ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাবো। এতে আমাদের নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে তাদের প্রতিশ্রুতির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে।
তিনি আরও বলেন, তারা যদি দাবি মানতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের ব্যাখ্যা দেওয়া উচিত। আমাদের ভবিষ্যৎ প্রস্তাবের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যা আমরা প্রেসিডেন্ট পুতিনকে জানাবো।
পশ্চিমাদের কাছে রাশিয়া শুধু প্রতিশ্রুতি নয়, আইনগত নিরাপত্তার নিশ্চয়তা চাইবে বলেও উল্লেখ করেন তিনি।









