যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটিতে যদি এমপিরা সমর্থ দেন তাহলে তার বদলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে প্রস্তুত। তৃতীয়বারের মতো প্রস্তাবটি সংসদে উত্থাপনের আগে তার জোরদার প্রচেষ্টায় কিছু সাফল্যও এসেছে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির ব্রেক্সিট বিরোধী কয়েকজন এমপি চুক্তির পক্ষে ভোট দিতে রাজি হয়েছেন। কিন্তু সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনও এমন অনেক সংসদ সদস্য রয়েছেন যার মের প্রস্তাবে সমর্থ দিতে রাজি নন। তাছাড়া ‘ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির’ (ডিইউপি) মতো সহযোগী দলও চুক্তির সমর্থনের বিষয়ে অনমনীয় অবস্থান ধরে রেখেছে। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে একটি খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্যের হাউস অব কমন্সে তা সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন পায়নি। দেশটির টোরি প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ইইউ নেতাদের সঙ্গে আলোচনা করে সংসদ সদস্যদের কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন একটি চুক্তি উপস্থাপন করেন গত ১২ মার্চ। কিন্তু তাও পরাজিত হয়। কমনসে পাস করাবার জন্য মে তৃতীয়বারের মতো ব্রেক্সিট চুক্তি সংসদে উত্থাপন করতে চাইছেন। তার আগে তিনি নিশ্চিত করতে চান যথেষ্ঠ সংখ্যক এমপির সমর্থন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দলের সংসদ সদস্যদের প্রতি বলেছেন, ‘দেশ ও জাতির জন্য যা ভালো তা নিশ্চিত করতে আমি নির্ধারিত সময়ের আগেই পদ ছাড়তে প্রস্তুত।’ ব্রেক্সিট সংক্রান্ত পরবর্তী ধাপের দেনদরবারে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্যরা যে তার হাতে নেতৃত্ব দিতে চান না তা জানার কথা উল্লেখ করে মে বলেছেন, ‘আর আমি তার পথে কোনও বাধা হয়ে দাড়াব না।’
দলের প্রায় ৩০০ এমপির সঙ্গে এক সভায় মে আরও বলেছেন, ‘চুক্তিটি পাস করানো দরকার ব্রেক্সিট কার্যকরে জন্য। আমি এই কক্ষে উপস্থিত সবাইকে অনুরোধ করছি, চুক্তিটিকে সমর্থ করতে, যাতে করে আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারি: ব্রিটিশ জনগণের ইচ্ছে অনুযায়ী সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারি।’
২০১৮ সালে ব্রেক্সিট চুক্তির খসড়া তৈরির সময়ই বিরোধিতা করে সরকার থেকে পদত্যাগ করেছিলেন তৎকালীন কর্ম ও অবসর বিষয়ক মন্ত্রী এস্থার ম্যাকভি। থেরেসা মের প্রচেষ্টার এক পর্যায়ে তিনি বলেছিলেন, ‘নাক টিপে ধরে’ তিনি ও অপরাপর কয়েকজন টোরি এমপি থেরেসা মের সঙ্গে ইইউয়ের হওয়া ‘বাজে’ চুক্তিটিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু অন্যান্য টোরি এমপির সমর্থনের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া, কনজারভেটিভ পার্টির সহযোগী নর্দার্ন আয়ারল্যান্ডের দল ‘ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির’ (ডিইউপি) জানিয়েছে, তারা থেরেসা মের ব্রেক্সিট চুক্তিকে এখনও সমর্থন করতে পারছে না। দলটির প্রধান আরলেন ফোস্টার মনে করেন, ব্রেক্সিট চুক্তিতে ব্যাকস্টপের বিষয়ে তিনি যেসব সংশোধনী দেখতে চান তা এখনও চুক্তিতে অনুপস্থিত।








