যুক্তরাষ্ট্রে ধসে পড়া সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য (এসভিবি-ইউকে) শাখা মাত্র ১ ব্রিটিশ পাউন্ড বা ১২৭ টাকায় কিনেছে এইচএসবিসি। যুক্তরাজ্য শাখাকে উদ্ধারের জন্য চুক্তিতে এই মূল্য প্রতীকী হিসেবে রাখা হয়েছে। সোমবার ব্রিটিশ সরকার ও এইচএসবিসি এই ঘোষণা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্যাংক অব ইংল্যান্ড ও কোষাগারের তদারকিতে এই বিক্রয় সম্পন্ন হয়েছে। শুক্রবার এসভিবি বিপর্যয়ে পড়ার পর ব্রিটেনের প্রযুক্তিসহ কয়েকটি খাতের গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছেন, এসভিবি-ইউকে শাখা সোমবার এইচএসবিসির কাছে বিক্রি করা হয়েছে। ব্যাংক ইংল্যান্ডের সহযোগিতায় এবং কোষাগারের পরামর্শে এই লেনদেন হয়েছে।
ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, সব গ্রাহকের আমানত নিরাপদ রয়েছে। এই চুক্তির ফলে ক্রেতাদের আমানত সুরক্ষিত হয়েছে এবং স্বাভাবিকের মতো কার্যক্রম পরিচালনা করা যাবে। সরকারের কোনও অর্থ ব্যয় হবে না। এত সংক্ষিপ্ত সময়ে একটি সমাধানে পৌঁছাতে পারার জন্য আমি আনন্দিত।
পৃথক এক বিবৃতিতে এইচএসবিসি বলেছে, সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্যের (এসভিবি-ইউকে) ব্যবসার জন্য তারা মাত্র এক পাউন্ড পরিশোধে সম্মত হয়েছে।
এশিয়া মনোযোগী এইচএসবিসি বলেছে, এসভিবি-ইউকে শাখার ঋণের পরিমাণ ৫.৫ বিলিয়ন পাউন্ড এবং আমানতের পরিমাণ ৬.৭ বিলিয়ন পাউন্ড।
এইচএসবিসি প্রধান নোয়েল কুইন বলেছেন, এই ক্রয় যুক্তরাজ্যে আমাদের ব্যবসার জন্য কৌশলগতভাবে দারুণ।
চুক্তিতে এসভিবি-ইউকে-এর মালিকানা প্রতিষ্ঠানের সম্পদ ও দায় অন্তর্ভুক্ত করা হয়নি।









