উত্তর আধুনিক (পোস্ট মর্ডানিস্ট) শিল্পকর্মের প্রদর্শনী চলছে। দর্শনার্থীর ভিড় কম না। হঠাৎ করে অনেক শিল্পবোদ্ধার মন কেড়ে নিল একটি শিল্পকর্মের নিচে রাখা একজোড়া চশমা। নিরাপদ দূরত্ব রেখে সবাই তা দেখতে লাগলেন। অনেকে নেমে পড়লেন শিল্পকর্মটির ছবি তুলতে। পরে জানা গেল, প্রদর্শনীতে আসা ১৭ বছরের এক কিশোর মজা করার জন্যই চশমাটি মেঝেতে রেখেছিলেন। প্রদর্শনীর কোনও উত্তর আধুনিক শিল্পকর্ম ছিল না চশমাটি।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের সান ফান্সিসকোর মডার্ন আর্ট মিউজিয়ামের। প্রদর্শনীটি ছিল গত সপ্তাহের। চশমা জোড়াটি রেখেছিলেন টিজে খায়াটান নামে এক কিশোর। বাজফিডকে তিনি বলেন, প্রদর্শনীতে প্রথম দেখাতে আমাদের অনেক কিছু ভালো লাগে। বিশেষ করে শিল্পকর্ম ও চিত্রকর্মগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও বেশ কিছু শিল্পকর্ম আমাদের অবাক করেনি।
খায়াটান আরও বলেন, আমরা নিচু হয়ে খেলনা পশুর গায়ে কম্বল জড়িয়ে আশপাশের মানুষকে জিজ্ঞেস করতে থাকি, কেমন লাগছে। এরপর আমরা গ্যালারির মেঝেতে একজোড়া চশমা ফেলে রাখি। অপেক্ষা করতে থাকি মানুষ এটাকে কীভাবে দেখে। কিছুক্ষণের মধ্যেই লোকজন চশমার কাছে নিরাপদ দূরত্ব রেখে দাঁড়াতে শুরু করেন। অনেকেই ছবি তোলেন।
খায়াটান জানান, তার ধারণা মেঝেতে রাখা চশমা জোড়াকে সংস্কৃতির অধঃপতনের প্রতীক হিসেবে দর্শনার্থীরা ভেবেছেন। অথবা চশমা লেন্স দিয়ে জীবনকে দেখার শিল্পকর্ম হিসেবে বিবেচনা করেছেন।
২৪ মে খায়াটান ঘটনাটি জানিয়ে ছবিসহ টুইট করেন। টুইটটি ব্যাপক মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। এ পর্যন্ত অন্তত ৫০ হাজার রিটুইট হয়েছে।
অবশ্য আধুনিক শিল্পকর্মের সমর্থক এই কিশোর। তার মতে, কখনও কখনও আধুনিক শিল্পের অনেক কিছু কৌতুককর মনে হতে পারে। কিন্তু শিল্প আমাদের সৃজনশীলতা প্রকাশের একটি মাধ্যম। কেউ কেউ কৌতুক ভাবতে পারেন, কারও কাছে অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য থাকতে পারে। মোদ্দা কথা, মুক্তমনা ও কল্পনাবিলাসী মানুষের আনন্দ হিসেবেই আমি এটাকে দেখি। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
/এএ/বিএ/








