যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেসবুকে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় অ্যান্টোনিও পারকিনস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৭ জুন) শহরটির পশ্চিমাঞ্চলে ২৮ বছর বয়সী ওই যুবকের মাথা ও গলায় গুলি করে হত্যা করা হয়।
পারকিনসের হত্যাকাণ্ডের পরও ফেসবুকে থাকা তার সরাসরি প্রচারিত ভিডিওটি এখন পর্যন্ত ৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
শুক্রবারের ওই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কারা, কেন, কোন উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলতে পারছে না পুলিশ। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তারা তৎপরতা শুরু চালাচ্ছে।
গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার ফেসবুকে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় কোনও ব্যক্তিকে হত্যা করা হলো। চলতি বছরের মার্চেও এ ধরনের একটি হত্যাকাণ্ড ঘটেছিল শিকাগোতে। ওই সময় ফেসবুকে লাইভ থাকা এক ব্যক্তিকে ১৬টি গুলি করে হত্যা করা হয়। সূত্র: বিবিসি।
/এসএ/এএ/








