আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির (ডিএনসি) ইমেইল ফাঁস করে বেশ আলোড়ন তুলেছে উইকিলিকস। তবে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তথ্য ফাঁস না করায় সমালোচিতও হচ্ছে উইকিলিকস। এবার উইকিলিকসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিলারি ও ট্রাম্পের গোপন তথ্য ফাঁসকারীদের পুরস্কার দেওয়া হবে।
শনিবার টুইটারে উইকিলিকিসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তথ্য ফাঁসকারীদের উৎসাহ দিতেই পুরস্কারের ঘোষণা দিয়েছে উইকিলিকস।
কিছুদিন আগেও ডিএনসির এক কর্মীর হত্যাকারী সম্পর্কে তথ্যাদানকারীদের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে উইকিলিকস। সেথ রিচ নামের ডিএনসির ওই কর্মী দলটির ভোটার তথ্য ডাটাবেজ তদারকি করতেন। ১০ জুলাই রাতে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির ফলে গুলিতে তার মৃত্যু হয়। কিন্তু পরে লাশের সঙ্গে পুলিশ সেথ রিচের মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করে। এছাড়া অন্য কিছু ছিনতাই হওয়ারও খবর পাওয়া যায়নি। এরপরই হত্যাকাণ্ডটি নিয়ে সন্দেহের নানা ডালপালা মেলতে শুরু করে।
উইকিলিকসের পুরস্কার ঘোষণার ফলে অনেকেই মনে করছেন, ডিএনসির যে তথ্য উইকিলিকস প্রকাশ করেছে তা সেথ রিচই ফাঁস করেছেন। কেউ কেউ মনে করছেন, পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে হিলারির দিকেই খুনের সংশ্লিষ্টতার বিষয়ে ইঙ্গিত করছে উইকিলিকস।
এদিকে, শুক্রবার এক সাক্ষাৎকারে উইকিলিকসের নির্বাহী সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন, ডিএনসির তথ্য ফাঁসের পর অনেকেই আরও নতুন তথ্য ফাঁস করতে এগিয়ে এসেছেন। তারা হিলারি ক্লিনটনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে।
অ্যাসাঞ্জের মতে, এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হবে সেগুলো।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করেন মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। দুনিয়াজুড়ে আলোচনায় আসেন ওই সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর গোপন তথ্য উন্মোচনের মধ্য দিয়ে দুনিয়াব্যাপী আধিপত্যবাদবিরোধী মানুষদের প্রতীকি কণ্ঠস্বরে পরিণত হন তিনি। তবে সাম্প্রতিক ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগ ওঠেছে উইকিলিকসের বিরুদ্ধে। যদিও অ্যাসাঞ্জ ও উইকিলিকস তা প্রত্যাখ্যান করেছে। সূত্র: নিউজউইক, স্পুটনিক নিউজ।
/এএ/








