বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন সাতটি পাকিস্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব কথা জানিয়েছে প্রভাবশালী পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক অবস্থানের জন্য ওই সাত পাকিস্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এক্সপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস (ইএআর)-এর তালিকাভুক্ত করা হয়েছে।’ এক বিবৃতিতে দেশটির বাণিজ্য দফতর এই তথ্য জানিয়েছে।
ওই সাত প্রতিষ্ঠান হলো– আহাদ ইন্টারন্যাশনাল, এয়ার উইপনস কমপ্লেক্স, ইঞ্জিনিয়ারিং সলিউশনস প্রাইভেট লিমিটেড, ম্যারিটাইম টেকনোলজি কমপ্লেক্স, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশন, নিউ অটো ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সেল টুলিং সার্ভিসেস।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ন্ত্রণ না করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
ওই নিষেধাজ্ঞা আরোপ করা বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রশাসনের কাছে এমন নিশ্চিত প্রমাণ রয়েছে যে ওই পাকিস্তানি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো মার্কিনবিরোধী তৎপরতার সঙ্গে জড়িত।
নিষেধাজ্ঞা আরোপের ফলে এখন থেকে ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনও মার্কিন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনও প্রকার ক্রয়-বিক্রয় করতে পারবে না। এ সংক্রান্ত লাইসেন্স বাতিল করা হয়েছে এবং পুনরায় নবায়নও করা হবে না। সূত্র: ডন।
/এসএ/এএ/








