যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক কার্যালয়ের ফোনে আড়িপাতার তদন্ত চায় হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস কর্তৃপক্ষ দেশটির কংগ্রেসকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছে।
শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনের আগে আগে ওবামা তার নিউ ইয়র্ক কার্যালয়ের ফোনে আড়ি পেতেছিলেন। কিন্তু ট্রাম্প এ দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি। এরপর হোয়াইট হাউস জানিয়েছে, এ ব্যাপারে যেসব খবর বেরিয়েছে তা খুবই উদ্বেগজনক। আর সাবেক সাবেক প্রেসিডেন্ট ওবামার একজন মুখপাত্র বলেছেন, তিনি (ওবামা) কখনও কোন মার্কিন নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি।
উল্লেখ্য, মার্কিন আইনে শুধু বিদেশি শক্তির সঙ্গে জড়িত এজেন্টদের ফোনের আড়িপাতার অনুমোদন দেওয়া যায়।
কোনও প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ওবামা ফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছেন অভিযোগের পর ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন এই অভিযোগ তদন্ত করতে।
প্রেসিডেন্টের প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, এই তদন্তে সাবেক প্রেসিডেন্ট ওবামা ক্ষমতার অপব্যবহার করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা উচিত।
ট্রাম্প এ অভিযোগ তোলার পর বেশ কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা প্রমাণ হাজির করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রমাণের বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প বা তার কোনও মুখপাত্র কোনও মন্তব্য করেননি।
তবে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প শিবিরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে রুশ কর্মকর্তাদের গোপন যোগাযোগ নজরদারি করতে এফবিআই আদালতের অনুমতি চেয়েছিল। সেই অনুরোধ প্রথমে প্রত্যাখ্যান করলেও অক্টোবরে এফবিআইকে অনুমতি দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট আদালত বা এফবিআই এই ধরণের অনুমতির কথা নিশ্চিত করেনি।
ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাশিয়ার সঙ্গে যোগসাজশের কেলেঙ্কারি থেকে নজর সরাতে ট্রাম্প ওবামার বিরুদ্ধে মনগড়া এ অভিযোগ হাজির করেছেন। সূত্র: বিবিসি বাংলা।
/এএ/








