মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রিয়াস বলেছেন, ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, নির্দিষ্ট উদ্যোগের কারণেই এটি গুরুত্বপূর্ণ। ওসামা বিন লাদেন ও আইএস নেতা বাগদাদিকে হত্যার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হলো ইরানি জেনারেলকে হত্যা।
মার্কিন সাময়িকী ফরেন পলিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেট্রিয়াস এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন যে মার্কিন স্থাপনায় ইরান হামলা করলে প্রচণ্ড শক্তি নিয়ে পাল্টাঘাত করা হবে।
সাবেক সিআইএ প্রধান বলেন, কয়েক দশক ধরে সবচেয়ে উল্লেখযোগ্য শত্রু ছিলেন সোলাইমানি। অতীতে মধ্যপ্রাচ্যে ইরানি জেনারেলের অনেক ক্ষমতা ছিল ও মুক্তভাবে কাজ করে গেছেন। এই পদক্ষেপ ছিল দৃঢ় বার্তা দেওয়া। অতীতের মতো তাৎপর্যহীন পদক্ষেপ না।
সাবেক এই জেনারেল মনে করেন, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে এখন ইরান সতর্কতার সঙ্গে বিবেচনা করবে।
শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।এই উত্তেজনার মধ্যেই রবিবার সন্ধ্যায় ইরাকের মার্কিন দূতাবাস এলাকায় চারটি রকেট হামলার ঘটনা ঘটেছে। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এদিকে, রবিবার ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। রবিবার (৫ জানুয়ারি) রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের পর রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে।








