কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ১৮০ হাজার কোটি ডলারের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই বিতর্কিত ইস্যুগুলোতে রিপাবলিকান আইনপ্রণেতাদের তার সঙ্গে কাজের আহ্বান জানিয়ে চীনের অব্যাহত হুমকি মোকাবিলা নিয়ে সতর্ক করেছেন। ভাষণের সময় রিপাবলিকানরা মূলত নীরব থাকলেও হাততালি দিয়ে স্বাগত জানান ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত জানুয়ারিতে শপথ নেওয়া জো বাইডেন আবেগী আহ্বান জানিয়ে কর্পোরেশন ও ধনী আমেরিকানদের ওপর কর বৃদ্ধির ঘোষণা জানান। নিজের ১৮০ হাজার কোটি ডলারের পরিকল্পনার ব্যয় নির্বাহের জন্য এই কর বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি। এই পরিকল্পনাকে আমেরিকান পরিবারের পরিকল্পনা আখ্যা দেন তিনি।
বাইডেন বলেন, ‘এটা কর্পোরেট আমেরিকা ও এক শতাংশ সম্পদশালী আমেরিকানের ন্যায্য অংশ পরিশোধের সময়-কেবল ন্যায্য অংশ পরিশোধ।‘
বাইডেনের ভাষণটি মূলত দেশের অভ্যন্তরীন নীতি নিয়ে হলেও এর বড় অংশ জুড়েই থেকেছে চীন ইস্যু। মানবাধিকার, বাণিজ্যে অসমতার মতো বিভিন্ন ইস্যুতে চীনকে চাপে রাখতে ব্যাপক পরিসরে বেশ কয়েকটি আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।
চীনের হুমকি মোকাবিলায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরালো রাখার অঙ্গীকার করেন বাইডেন। এছাড়া প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি। বাইডেন বলেন, চীন ও আরও কয়েকটি দেশ দ্রুত উন্নতি লাভ করছে। ভবিষ্যতে আমাদের বিভিন্ন পণ্য ও প্রযুক্তিতে উন্নতি করার পাশাপাশি আধিপত্যও করতে হবে।’
বাইডেন জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন যে, “যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখবে। এ সামরিক উপস্থিতি সংঘাত বাধানোর জন্য নয় বরং অন্যদের সুরক্ষা দেওয়ার জন্য থাকবে।’









