আফ্রিকার তিন দেশ কেনিয়া, নাইজেরিয়া এবং সেনেগাল সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার কেনিয়ার রাজধানী নাইরোবি পৌঁছেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে জলবায়ু পরিবর্তন এবং ইথিওপিয়া, সুদান এবং সাহিল অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পাবে।
গ্লাসগো জলবায়ু সম্মেলনের পর ব্লিনকেন প্রথম সফরে আফ্রিকা গেলেন। ওই সম্মেলনে দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্পদশালী দেশগুলোর কাছে আরও বেশি সহায়তা চেয়েছে।
আফ্রিকায় ব্লিনকেনের প্রথম সফর হবে কেনিয়ায়। সেখানকার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা গত মাসে সুদানের অভ্যুত্থানের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান। এছাড়া ইথিওিপয়ার যুদ্ধ পরিস্থিতিও তাদের আলোচনায় স্থান পেতে পারে।
কেনিয়া সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী বছর কেনিয়ার সাধারণ নির্বাচন সামনে রেখে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পূর্ব আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কেনিয়ায় নির্বাচন প্রায়ই সহিংস হয়ে ওঠে। অথচ স্থিতিশীল এই দেশটিতে বহু মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের সদর দফতর অবস্থিত।








