চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করার একটি আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিনজিয়াং এ সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর ওপর চীনা নিপীড়নের কারণে বৃহস্পতিবার এই আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কংগ্রেস সদস্যদের চাপে আইনটি এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে সর্ব সম্মতভাবে পাস হয় আইনটি। এই আইনের অধীনে জিনজিয়াং থেকে কোনও পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে হলে সরবরাহকারীকে আগে প্রমাণ করতে হবে যে, পণ্যটি উৎপাদনে বাধ্যতামূলক ব্যবহার হয়নি। তুলা ও সোলার প্যানেলের বড় সরবরাহকারী জিনজিয়াং।
জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার গ্রুপগুলোর হিসেবে জিনজিয়াং এ প্রায় দশ লাখ মানুষকে শিবিরে আটকে রাখা হয়েছে। মূলত উইঘুর জনগোষ্ঠীর সদস্য তারা। এদের নানা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হয়।
এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। তাদের অভিযোগ বিভিন্ন দেশ ও মানবাধিকার গ্রুপ জিনজিয়াং নিয়ে ‘অপবাদমূক আক্রমণ’ শুরু করেছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।








