ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালাবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্ত তৈরি করতে প্রস্তুত রয়েছে পেন্টাগন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানকে কঠোর আঘাত করা হবে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানে জোরালোভাবে আঘাত হানবো এবং আমরা তা করবো। কারণ, ইরানের কাছে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, কেউ যখন কোনও চুক্তির জন্য বারবার চেষ্টা করে। কিন্তু এর পরিবর্তে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক বোমা পড়বে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, চুক্তি করার প্রক্রিয়া তাদের নতুন করে শুরু করতে হবে না। পেন্টাগন এমন সব শর্ত তৈরি করতে প্রস্তুত, যা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি নিশ্চিত করবে।
ইরানের ওপর চলমান হামলার বিষয়ে হেগসেথ বলেন, আজ রাতে যেসব হামলা চালানো হবে, সেগুলো হবে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট। যদি আগামীকাল রাতেও হামলা হয়, তবে সেগুলোও শক্তিশালী ও স্পষ্ট হবে। এই পুরো সময় জুড়েই ইরানের সামনে চুক্তি করার একটি সুযোগ থাকবে, মূল বিষয় সেটিই।








